দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনের গাজার একটি ধ্বংস হওয়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।
চার দিন ধরে চলা উদ্ধার অভিযান শেষে শনিবার (৮ আগস্ট) গাজা সিটির পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবন থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ভারী যন্ত্রপাতির তীব্র সংকটের কারণে গাজায় ধ্বংসস্তূপ সরানোর কাজ অত্যন্ত ধীরগতিতে হচ্ছে।
উদ্ধার কার্যক্রমের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু দান বলেন, টানা চার দিন তল্লাশির পর ‘কারাম’ ভবনে উদ্ধারকাজ শেষ হয়েছে। তিনি জানান, এখন বিশেষায়িত চিকিৎসাকর্মী ও সিভিল ডিফেন্সের দল গাজা সিটির অন্য একটি এলাকায় গিয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করবে।
সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি হামলায় ধসে পড়া কংক্রিটের বিশাল স্ল্যাব সরানোর মতো ভারী সরঞ্জাম না থাকায় তারা সাধারণ সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো উপত্যকায় ধ্বংসস্তূপের নিচে এখনও ৮ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত, ৪ হাজার ১২১ জন আহত এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ।
এদিকে হামলা চললেও গাজা পরিকল্পনার পরবর্তী ধাপে যেতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ইসরাইল শর্ত বাস্তবায়ন করলেই তারা তা বাস্তবায়ন করবে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থিত ‘বোর্ড অব পিস’ পরিকল্পনায় অস্ত্র হস্তান্তর ও গাজার নতুন প্রশাসনের কাছে ক্ষমতা দেয়ার বিষয় রয়েছে। হামাস বলছে, ইসরাইল চুক্তির শর্ত বাস্তবায়ন শুরু করলেই তারা দ্বিতীয় ধাপে যেতে প্রস্তুত। এজন্য ওয়াশিংটনকে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
তবে হামাসের এই অবস্থানকে ভিন্নভাবে দেখছে ইসরাইল। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের অভিযোগ, সামরিক অভিযান ঠেকিয়ে সময় কিনতেই কূটনৈতিক প্রক্রিয়ায় সায় দিয়েছে হামাস। ইসরাইলের অভ্যন্তরে পরিকল্পনাটি নিয়ে আপত্তিও বাড়ছে। তথ্যসূত্র: আল জাজিরা
কে